জন্মদিনের উপহার ‘স্বর্ণের গিটার’
কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে ‘রুনা মহল’ শিরোনামের একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। সেখানে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ উপহার হিসেবে তার হাতে একটি স্বর্ণের গিটার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। এমন অনন্য উপহার পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা।
রুনা মহল
অভিনেতা আফজাল হোসেনের নান্দনিক উপস্থাপনায় ‘রুনা মহল’ অনুষ্ঠানে রুনা লায়লার সংগীতজীবন ও বর্ণাঢ্য পথচলার নানা দিক তুলে ধরা হয়েছে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানটির মাধ্যমে দর্শকরা জানতে পারবেন কিংবদন্তি এই শিল্পীর জীবনের অনেক অজানা তথ্য ও স্মৃতিময় অধ্যায়। আরিফ খানের পরিচালনায় এবং অনন্যা রুমার প্রযোজনায় ‘রুনা মহল’ প্রচারিত হবে আজ রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।
পরিবারের প্রতি কৃতজ্ঞতা
নিজের জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে রুনা লায়লা বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে মূলত পরিবারের সঙ্গেই জন্মদিন উদযাপন করা হয়।
যথারীতি এবারও তা-ই হচ্ছে। দেখতে দেখতে অনেকগুলো জন্মদিন পেরিয়ে গেল, তবে ছোটবেলার স্মৃতিগুলোই সবচেয়ে বেশি মনে পড়ে। মা নতুন জামা বানিয়ে দিতেন, মজার মজার খাবার রান্না করতেন সেই দিনগুলো আজও খুব নস্টালজিক করে তোলে।’
সংগীতজীবনের ষাট বছর পূর্ণ করা এই শিল্পী নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন পরিবারকে। তিনি বলেন, ‘বাবা-মা, বড় বোন দীনাসহ পরিবারের সবার এতটা সমর্থন ছিল যে, তা না পেলে এত দূর আসা সম্ভব হতো না। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, তিনি আমাকে সুন্দর জীবন দিয়েছেন এবং এখনো সুস্থ রেখেছেন। সবার কাছে দোয়া চাই, যেন আজীবন গান গেয়ে যেতে পারি।’
বশির আহমেদ আজীবন সম্মাননা
জন্মদিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই আগামীকাল ১৮ নভেম্বর প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন রুনা লায়লা। বিষয়টি নিশ্চিত করেছেন ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এর প্রধান উদ্যোক্তা এবং বশির আহমেদের দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশির।
উদ্যোক্তাদের উচ্ছ্বাস
হোমায়রা বশির ও রাজা বশির বলেন, ‘শ্রদ্ধেয় রুনা আন্টি বাংলাদেশের সংগীতাঙ্গনের এমন এক নক্ষত্র, যাকে নিয়ে গোটা দেশ গর্ব করে। পরবর্তী প্রজন্মের প্রতিটি গায়িকার স্বপ্ন থাকে তার মতো হওয়ার। কয়েক দিন আগে আমরা তার বাসায় গিয়ে আব্বাকে ঘিরে আয়োজিত এই সম্মাননার কথা জানাই। তিনি সম্মতি দেওয়ায় আমরা যে কতটা আনন্দিত হয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার উপস্থিতিতে আমরা আজীবন ঋণী হয়ে গেলাম।’
আগামীকাল ১৮ নভেম্বর বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কবি হাসান মাহমুদ।
প্রজন্ম থেকে প্রজন্মে
বাংলা চলচ্চিত্রে কয়েক হাজার গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি দেশাত্মবোধক ও আধুনিক গানে নিজের অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন রুনা লায়লা। এই প্রজন্মের শিল্পীরা যেমন তার কালজয়ী গানগুলো কভার করে শ্রদ্ধা জানাচ্ছেন, তেমনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান। সুরের মায়াজালে এভাবেই প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছেন উপমহাদেশের এই জীবন্ত কিংবদন্তি।