বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেপ্তার চার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ এএম

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনের মধ্যে বহিরাগতদের হামলায় আহত জুতা কারখানার শ্রমিক চিকিৎসাধীন মারা গেছেন। এ ঘটনায় মূল এজাহারনামীয় আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সেলিম ইসলাম (২৩) আশুলিয়ার আউকপাড়া এলাকার ট্রেন্ট সুজ লিমিটেডে সুইং সেকশনের অপারেটর ছিলেন। তিনি মাদারীপুরের কালকিনি থানার কানাইপুরের মোহাম্মদ রহিমের ছেলে। আশুলিয়া এলাকার নিট প্লাস ফ্যাক্টরির শ্রমিক রনজিৎ বিশ্বাসের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে। এদিকে গাজীপুরে গতকালও শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, জুতা কারখানার শ্রমিক সেলিম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান। মামলায় উল্লেখ করা হয়েছে, চলমান শ্রমিক আন্দোলনে গত ৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বহিরাগত বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত প্রায় দুই থেকে তিনশ শ্রমিক লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আউকপাড়া এলাকার ট্রেন্ট সুজ ও ফরচুন জিপার ফ্যাক্টরির নিরাপত্তারক্ষীদের গেট খুলে দিতে এবং কারখানার শ্রমিকদের বের করে দিতে বলে। তারা গেট খুলতে অস্বীকার করলে বহিরাগত শ্রমিকরা ফ্যাক্টরির গেট ও সিকিউরিটি রুমের জানালা ভাঙচুর করে। তখন কর্তৃপক্ষ বাধ্য হয়ে ফ্যাক্টরি সাময়িকভাবে ছুটি ঘোষণা করে শ্রমিকদের বের করে দেয়।

তখন বহিরাগত শ্রমিকরা ট্রেন্ট সুজ ও ফরচুন জিপারের শ্রমিক সেলিম, মো. রাকিব ও লিমনসহ আরও কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে লোহার রড দিয়ে শ্রমিক সেলিমের মাথায় আঘাত করে। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আশুলিয়া এলাকার নিট প্লাস ফ্যাক্টরির শ্রমিক রনজিৎ বিশ্বাসের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রেন্ট সুজ ও ফরচুন জিপারের এইচআর অ্যান্ড এডমিন প্রিন্স সরদার বাদী হয়ে আশুলিয়া থানায় ৭ নভেম্বর হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। হামলায় নেতৃত্ব দেওয়া রনজিৎ বিশ্বাসসহ তার সহযোগী অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

মামলা তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন বলেন, হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছিল। মামলা হওয়ার পর এজাহারনামীয় প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে। শ্রমিকের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুইয়ার তথ্য অনুযায়ী, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রম আইন ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ থাকা ১০টি কারখানা চালু হয়েছে। তবে এখনো ২৭টি কারখানা বন্ধ রয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুরে শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা : গাজীপুরে গতকাল সোমবার দিনভর বিক্ষিপ্তভাবে শ্রমিক আন্দোলন চলেছে। দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। টিয়ার শেল ও সাউন্ড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। এদিকে শ্রম আইনের ১৩ (১) ধারায় গতকাল আরও ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে বন্ধ কারখানার সংখ্যা দাঁড়াল ২৬টি।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে মহানগরীর কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগদান না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেয়। একপর্যায়ে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। দুপুরের পর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেড ও অ্যাভানটেক্স অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা কাজ যোগ না দিয়ে আন্দোলন শুরু করে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেন।

এদিকে বিকেল ৪টার দিকে মহানগরীর নাওজোর এলাকায় কয়েকটি কারখানা ছুটির পর শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ ও বিজিবি এলে শ্রমিকরা তাদের ইটপাটকেল ছুড়ে মারে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তবে শ্রমিকরা মিছিল নিয়ে বিকেল ৫টার দিকে ভোগরা বাইপাস অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়।

শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে। এর জেরে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রাখা হয়েছে। গাজীপুরে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন ব্যাটালিয়ান আনসার, এসআরবির সাতটি টহল গাড়ি শিল্পাঞ্চলে নিরাপত্তায় কাজ করছে।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইন অনুযায়ী আজকের ৯টিসহ মোটি ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি স্থানে শ্রমিকরা অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত