শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : প্রতিমন্ত্রী

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ এএম

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে দেশটি কোনো শর্ত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক শেখ হাসিনা ইস্যুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকার দুটি শর্ত দিয়েছে বলে দিল্লি থেকে বিবিসি বাংলার এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়। এতে বলা হয়, শর্ত দুটি হচ্ছে শেখ হাসিনাকে সামরিক বিমান পাঠিয়ে নিয়ে আসা এবং মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে তাকে আপিলের সুযোগ দেওয়া।

শর্ত দুটির বিষয়ে সরকার কিছু জানে কি না, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ‘না, না, মোটেই না। এ নিয়ে আমাদের সঙ্গে ভারতের কোনো কথাই হয়নি।’ গণমাধ্যমে আসা এমন তথ্য সরকার আমলে নিচ্ছে না জানিয়ে তিনি বলেন, এটি ভারত সরকারের কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। ভারত সরকারের পক্ষ থেকে যদি কিছু আসে, তখন সরকার জবাব দেবে।

বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, তখন তাকে পাসপোর্ট দিয়ে আসার সুযোগ কেন সরকার নিচ্ছে না এক সাংবাদিকের এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যদি পাল্টা প্রশ্ন করি, ভারত কেন (বন্দি বিনিময়) চুক্তির সুযোগ নেবে না। ভারত যদি সাড়া দেয়, তা হলে বাংলাদেশের মানুষের জন্য তা সহজ হয়।’ তিনি বলেন, তিনি মনে করেন শেখ হাসিনা আসামি হিসেবে আসবেন এবং সাজা ভোগ করবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত