খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম

গত ৩০ জুন পর্যন্ত সরকারের মোট আনুমানিক ঋণের পরিমাণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা, যার মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি ও অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। চলতি অর্থবছরে ঋণ পরিশোধের জন্য ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা (মূলধন ও সুদ) বরাদ্দ রাখা হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা ব্যাংকিং খাতে বিতরণকৃত মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। ২০২১ সালে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। এরপর তা বাড়তেই থাকে। ২০২৫ সালে খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ। বিগত ৫ বছরে খেলাপি ঋণের পরিমাণ ২৪ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনাদায়ী এবং প্রচলিত পদ্ধতিতে আদায়ের সম্ভাবনা কম এমন ঋণ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ এককালীন এক্সিট সুবিধা চালু করা হয়েছে। নির্দিষ্ট শর্তে ঋণগ্রহীতারা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধায় ঋণ নিষ্পত্তির সুযোগ পাবেন। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিষ্পন্ন ও খেলাপি ঋণের সমাধান এবং ব্যাংকের ব্যালেন্স শিট থেকে সমস্যাগ্রস্ত সম্পদ নিষ্পত্তি সহজ হবে।

বিএনপির এমপি আনিছুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মাথাপিছু আয় ৩ হাজার ২০ মার্কিন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। একই সাময়িক হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ, আগের অর্থবছরে যা ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।

খেলাফত মজলিশের এমপি মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এনবিআর সাময়িক হিসাবে মোট ৯২ হাজার ৫২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এটা ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার ৬৮ দশমিক ৬৮ শতাংশ। মোহাম্মদ আবুল হাসানের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের ভারসাম্য হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে ১ হাজার ১৮৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ সময়ে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রথম প্রান্তিকে রপ্তানি আয় প্রায় ৭ শতাংশ এবং আমদানি ব্যয় ১৫ দশমিক ১ শতাংশ বেড়েছে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৭ শতাংশ। এ সময়ে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৮৯ শতাংশে।

সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৪ শতাংশ থাকলেও অক্টোবরে তা কিছুটা কমেছে। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনা সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই বৈদেশিক ঋণ সহনীয় পর্যায়ে রাখতে কাজ করছে বর্তমান সরকার। নতুন কোনো প্রকল্প বৈদেশিক ঋণে বাস্তবায়নের আগে প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণ প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে, যাতে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা না হয়। বর্তমান সরকার গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

বিএনপির এমপি মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে শাখাবিহীন ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করা ব্যাংকগুলোর তথ্য যাচাই-বাছাই, প্রযোজ্য ক্ষেত্রে সরকারের কাছ থেকে শেয়ার ধারণের নির্ধারিত সীমায় ছাড় নেওয়ার শর্তে ডিকে লিমিটেড, বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট ডিজিটাল ব্যাংক ও নোভা ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিদেশফেরত প্রবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তিন পর্যায়ে মোট ৩ হাজার কোটি টাকা প্রাক্-অর্থায়ন ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য, ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য এ ঋণ দেওয়া হয়েছে। গ্রাহক পর্যায়ে এ ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ।

বেসরকারি সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তাকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়ার যোগ্যতা কী, তা সম্পূরক প্রশ্নে জানতে চেয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া যাবে না, এমন কোনো নিয়ম নেই। যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. নাজমুন নাহারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বীমা খাতের পরিস্থিতি মোকাবিলায় সব বীমা কোম্পানিকে দাবি পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দাবি পরিশোধে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো কোম্পানির লাইসেন্স বাতিল হলেও গ্রাহকদের প্রতি তার বিদ্যমান দায়বদ্ধতা শেষ হবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত