উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব: স্পিকার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এ সংসদের সদস্যরা দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নির্বাচিত হয়ে এসেছেন। আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও আইনপ্রণেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়িত ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এবং ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।

স্পিকার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার পাশাপাশি সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বেড়েছে। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং পাবলিক প্রকিউরমেন্ট কার্যক্রমে সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব। এ ওরিয়েন্টেশন থেকে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং সেগুলোর গুণগত মান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

এ সময় স্পিকার অভিযোগ করেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। ভোট জালিয়াতি, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গ্রহণ করা হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ সদস্যরা তা বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করতে পারেননি। বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা এ লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের যে অগ্রযাত্রা, তা বাস্তবায়নে টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্পিকার সংসদের উন্নয়ন কার্যক্রমে ইউএনডিপির ধারাবাহিক সহযোগিতার জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান এবং ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত