ইয়েমেনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব প্রণালি ও লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুতি বিদ্রোহীরা। সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর পিছু হটার সুযোগ কাজে লাগিয়ে হুতিদের এই অগ্রযাত্রায় এডেন অবরুদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ইয়েমেনের চলমান সংঘাত নতুন করে জটিল রূপ নিচ্ছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ইয়েমেনের সরকারি বাহিনী ধুবাব ও লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ কিছু এলাকা ছেড়ে দক্ষিণ দিকে সরে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। সামরিক বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এই পদক্ষেপকে কৌশলগত পুনর্বিন্যাস হিসেবে ব্যাখ্যা করেছেন। তবে সামরিক বিশ্লেষকদের মতে, এটি হুতিদের জন্য বড় ধরনের সামরিক সাফল্য এবং সরকারি বাহিনীর জন্য উল্লেখযোগ্য বিপর্যয়।
লেবাননের সামরিক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান জুনি বলেন, সংঘাত এখন দক্ষিণ ইয়েমেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ত্রিভুজ অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে। এই অঞ্চলের নিয়ন্ত্রণ পুরো যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারে। ত্রিভুজটির এক প্রান্তে সরকারি বাহিনীর প্রশাসনিক কেন্দ্র এডেন, অন্য প্রান্তে হুতিদের নিয়ন্ত্রিত তাইজ এবং অপর প্রান্তে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থল বাব আল-মান্দেব প্রণালি। সর্বশেষ তথ্য অনুযায়ী, হুতিরা ইতিমধ্যে তুর আল-বাহা এলাকায় পৌঁছেছে। এলাকাটি এডেন শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। সামরিক বিশ্লেষকদের মতে, এই অগ্রযাত্রা এডেনের প্রাথমিক প্রতিরক্ষাব্যবস্থার জন্য বড় হুমকি তৈরি করেছে।
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যে বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে হুতিদের প্রভাব বাড়লে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সামরিক বিশ্লেষক আলী আল-দাহাব আলজাজিরাকে বলেন, ইয়েমেনের সরকারি বাহিনীর পিছু হটার ফলে উপকূলীয় অঞ্চলে যে নিয়ন্ত্রণশূন্যতা তৈরি হয়েছিল, হুতিরা তা কাজে লাগিয়েছে। লোহিত সাগরের পশ্চিম উপকূল ও বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আঞ্চলিক ভূরাজনীতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।
এদিকে হুতিদের বিরুদ্ধে লড়াইরত জোট বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহদ বিন হামাদ আল-সালমানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সৌদি কর্র্তৃপক্ষ। ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযানে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ও তাদের মিত্রদের বড় ধরনের বিপর্যয়ের পর এ পদক্ষেপ নেওয়া হলো। গত ৫ অক্টোবর ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী হুতিদের বিরুদ্ধে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে। এর লক্ষ্য হচ্ছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধার করা, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে। কিন্তু উল্টো যুদ্ধক্ষেত্রে ধারাবাহিকভাবেই বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে তারা।