যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরান বোমা হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। সেখানে ডার্টি বোমা (তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়ার বোমা) বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। অভিযানটি সম্পর্কে অবগত সাতজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর হাতে ধরা পড়া এই পরিকল্পনায় নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ইরান সরকার এই পরিকল্পনাকে তাৎক্ষণিক হামলার উদ্যোগ হিসেবে নয়, বরং ভবিষ্যতে হামলার বিভিন্ন সুযোগ হাতে রাখার প্রচেষ্টা হিসেবে দেখছে। তবে এই পরিকল্পনার তথ্য সামনে আসার পর সম্ভাব্য হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রে আগাম প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যে হুমকিটি কীভাবে প্রতিহত করা যায়, তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে।
হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’ এই হুমকি থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ও কঠোর অর্থনৈতিক অবরোধের চাপে থাকা ইরান সরকার সংঘাত আরও বাড়াতে কতটা মরিয়া হয়ে উঠতে পারে। দুটি সূত্র জানিয়েছে, এই হুমকি কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে গত এক সপ্তাহে কর্মকর্তারা বেশ কয়েকটি বৈঠক করেছেন। একটি সূত্র এই আগাম পরিকল্পনাকে ‘বিচক্ষণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে। সূত্রগুলোর একটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের এমন কিছু কথোপকথনের তথ্য পেয়েছে, যেখানে দাবি করা হয়েছে দেশটির ভেতরে বোমা তৈরির উপকরণ মজুদ করে রাখা হয়েছে। তবে এই গোয়েন্দা তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। তবে তাদের অধিকাংশই মনে করেন, ইরান সরকারের পক্ষে আগে থেকেই রাসায়নিক পদার্থ যুক্তরাষ্ট্রে পৌঁছে রাখা খুব সহজ। এসব রাসায়নিক পদার্থ পরে প্রচলিত কোনো অস্ত্রের সঙ্গে যুক্ত করা সম্ভব।
ডার্টি বোমা বা তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা হলো এমন এক ধরনের অস্ত্র, যেখানে প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। এর প্রধান উদ্দেশ্য ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো বা তাৎক্ষণিকভাবে বিপুলসংখ্যক মানুষকে হতাহত করা নয়। বরং এর মাধ্যমে মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং আক্রান্ত এলাকা পরিষ্কার ও দূষণমুক্ত করতে বিপুল অর্থ ব্যয় করতে বাধ্য করা। নতুন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত এক ব্যক্তি সিএনএনকে বলেন, এ ধরনের যেকোনো অস্ত্রই আতঙ্ক সৃষ্টির অস্ত্র, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার অস্ত্র নয়। তিনি আরও বলেন, এ ধরনের অস্ত্র মানুষের শরীরে মারাত্মক অসুস্থতা তৈরি করতে পারে। পাশাপাশি নির্দিষ্ট কিছু এলাকাকে বসবাসের সম্পূর্ণ অনুপযোগী করে তুলতে পারে।
গত সপ্তাহে নিরাপত্তা উদ্বেগ ও ইরান-সংশ্লিষ্ট হুমকির কারণে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটন ডিসিতে তার বাসা থেকে সরিয়ে একটি সামরিক ঘাঁটির ভেতরে অবস্থিত নিরাপদ স্থাপনায় নেওয়া হয়। একই সময়ে ইরান যুক্তরাজ্যে অবস্থিত ওয়াশিংটনের সামরিক ঘাঁটিগুলোতেও হামলার হুমকি দিয়েছে। শুক্রবার যুক্তরাজ্যের সাফোক এলাকার একটি বিমানঘাঁটিতে সন্দেহজনক ও অনুমোদনহীন ড্রোনের তৎপরতা শনাক্ত হওয়ার পর সতর্ক সংকেত বেজে ওঠে। গত অক্টোবর মাসে গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো সরিয়ে নেয় পেন্টাগন।