মৌলভীবাজার-২ আসন সুলতান মনসুরের আয় নেই

মৌলভীবাজার-২ আসনে ঐক্যফ্রন্টের আলোচিত প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের কোনো আয় নেই, নিজের বাড়ি নেই। তিনি স্ত্রীর গাড়ি ব্যবহার করেন। একাদশ সংসদ নির্বাচনের জন্য দাখিল করা হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামার তথ্য অনুসারে, তার আয়হীন পেশা সমাজকর্মী। তাই হলফনামায় উল্লেখ নেই কোনো আয়ের বিস্তারিত বিবরণ। তবে ৫৫ লাখ টাকা নগদ আছে এবং বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ রয়েছে আলাদাভাবে ২৫ লাখ এবং ৩০ লাখ টাকা। নিজের কোনো গাড়ি না থাকলেও স্ত্রীর আছে ২০ লাখ টাকা দামের গাড়ি এবং ৩০ লাখ টাকা দামের বাড়ি। ঘরে ১ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক সামগ্রী আছে তাও স্ত্রীর নামে।  স্ত্রীর সঞ্চয়পত্র আছে ২৫ লাখ টাকার। বিয়ের সূত্রে পাওয়া ২০ ভরি স্বর্ণও আছে স্ত্রীর নামে। প্রার্থীর নিজের নামে ২ লাখ টাকা মূল্যের আসবাব আছে। তার ওপর নির্ভরশীলদের আয় ৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

তবে যৌথ মালিকানায় ২ লাখ ৬৩ হাজার ১৫৭ টাকা মূল্যের একটি দালানের ৯ দশমিক ৫ অংশের মালিক সুলতান মোহাম্মদ মনসুর।

এ বিষয়ে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘হলফনামায় যা দিয়েছি তার বাইরে কিছু নেই। জনসেবা এবং রাজনীতিকে ঈমানের অংশ মনে করে সারা জীবন কাটিয়ে দিয়েছি। তাই সম্পদ নিয়ে ভাবার সময় পাইনি।’