প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর জন্মশতবার্ষিকী ০১ জানুয়ারি। বছরব্যাপী নানা কর্মযজ্ঞের মাধ্যমে তাঁকে স্মরণ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। বছরব্যাপী এই আয়োজনের বিস্তারিত তুলে ধরে ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় জানানো হয়- উদ্বোধনী অনুষ্ঠান, নৃত্য গবেষকদের লেখা নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ, এপ্রিল মাসে আন্তর্জাতিক নৃত্য দিবসে নৃত্য উৎসব আয়োজন, নৃত্যনাট্য উৎসব, দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতা, ‘বুলবুল চৌধুরী’র নৃত্যধারা’ বিষয়ক সেমিনার, গুণী শিল্পীদেরকে সম্মাননা প্রদান-সহ বছরব্যাপী নানা কর্মযজ্ঞের মাধ্যমে প্রখ্যাত এই নৃত্যগুরুকে স্মরণ করা হবে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘আমাদের এই ভূখণ্ডে রবীন্দ্রনাথের পরই নৃত্যাচার্য বুলবুল চৌধুরী’র নৃত্যশিল্পে বৈশিষ্ট্যমণ্ডিত সৃষ্টি রয়েছে। আশা করছি, সকলে মিলে নতুন বছরে নৃত্যের কর্মযজ্ঞের মধ্যে কাটাতে পারবো।’
নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক বলেন, ‘জানুয়ারি মাসে বড় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বছরব্যাপী এই কর্মযজ্ঞের উদ্বোধন করা হবে। এরপর শিল্পকলা একাডেমির সহযোগিতায় সারা বছর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আমরা তাঁকে স্মরণ করবো।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, নৃত্যশিল্পী আমানুল হক, একাডেমির পরিচালক ড. কাজী আসাদুজ্জামান, জসিম উদ্দীন ও সোহরাব উদ্দিন, একাডেমির সচিব মো. বদরুল আনম ভূঁইয়া।
প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী ১৯১৯ সালের ০১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। জাতীয় পর্যায়ে নৃত্যচর্চায় বিশেষ অবদানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর সমান খ্যাতি রয়েছে। তার নামানুসারে বুলবুল ললিতকলা একাডেমি নামে বাংলাদেশে স্বনামধন্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্র রয়েছে। নৃত্যশিল্পের বাইরে তিনি লেখক হিসেবেও পরিচিত ছিলেন।