বরং ফসকে যাও, এই যে হাওয়ায় কল যার সওয়ার—পঙ্কজ রেণু আর তাদের পরস্পরের দিকে ধাবিত এই সূর্যরশ্মি—দিতে পারে অলীক এক ঘোড়ার সন্ধান।
সেই ঘোড়ার জন্য ঘাস কাটে পরীরা। এমন গল্প শোনার ভাত ঘুম দুপুরে বরং ফসকাতে থাকো।
যদিও সবুজ, তথাপি গাঢ় এই মধ্যাহ্ন কচুরিপানার মতো হালকা, এক শব্দের লহমা এই ওঁম, তার কম্পন তোমাকে নিতে পারে আরও দূরে।
চিহ্ন রেখে যেও—ফিরে আসার রাস্তায় রাস্তায়।