একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী আজ সকাল ৮টার মধ্যে ধানমণ্ডির সুধা সদন থেকে বের হয়ে কাছের এই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।
শেখ হাসিনা নিজে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হলেও তিনি ঢাকা-১০ (ধানমণ্ডি) সংসদীয় এলাকার ভোটার। আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়বেন তার ভাতিজা শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিস্টার ফজলে নূর তাপস। এর আগে নবম ও দশম সংসদ নির্বাচনেও এই কেন্দ্রেই ভোট দিয়েছিলেন শেখ হাসিনা।
ধানমণ্ডির সুধা সদনের বাসার ঠিকানায় ভোটার শেখ হাসিনা। সে হিসেবে তার ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ কেন্দ্র। প্রধানমন্ত্রীর ভোট দেওয়া উপলক্ষে কেন্দ্রটি ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। গতকাল শনিবার দিনভর দফায় দফায় তল্লাশি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। ওই কেন্দ্রের নিয়ন্ত্রণ নিরাপত্তা বাহিনীর হাতে রয়েছে।
নির্বাচনী আইন অনুযায়ী, একটি সংসদীয় এলাকার প্রার্থী অন্য এলাকার ভোটার হলে সেখানে ভোট দিতে কোনো বাধা নেই।