কবি জসীমউদ্দীনের অনন্য অবদান স্মরণে বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার’ প্রদান করতে যাচ্ছে। প্রথমবারের মতো এ পুরস্কারে ভূষিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ।
বাংলা ভাষা ও সাহিত্যের যে কোনো শাখায় সার্বিক অবদানের জন্য একজন সাহিত্যিককে এক বছর অন্তর বাংলা একাডেমি এ পুরস্কার প্রদান করবে। পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।
২৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এর সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার নির্মলেন্দু গুণের হাতে তুলে দেওয়া হবে।
১৯৪৫ সালের ২১ জুন নেত্রকোনায় জন্মগ্রহণ করেন নির্মলেন্দু গুণ। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমাংশুর রক্ত চাই’ প্রকাশিত হওয়া পর জনপ্রিয়তা অর্জন করে তিনি। এই বইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা ‘হুলিয়া’ কবিতাটি আজও স্মরণ করা হয়। ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার, ২০০১ সালে একুশে পদক ও ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন নির্মলেন্দু গুণ।