নরসিংদীর ঘোড়াশালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এই ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে। গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকাগামী চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সব ট্রেনের যোগাযোগ বন্ধ ছিল। ফলে দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।
নরসিংদী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার এ টি এম মুসা জানান, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে দুপুর একটার দিকে ঢাকার দিকে ছেড়ে যায়। ট্রেনটি পলাশ উপজেলার টান ঘোড়াশাল ও ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের মাঝামাঝি স্থানে এলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সব ট্রেনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
নরসিংদী স্টেশনে আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার, আমিরগঞ্জ স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।
সহকারী স্টেশন মাস্টার এ টি এম মুসা আরও জানান, মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে টেনে ঘোড়াশালে নিয়ে লাইনটি চালু করার চেষ্টা চলছে। আর ঢাকা থেকে ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করা হবে।
কালনী ট্রেনের যাত্রী জহিরুল ইসলাম জানান, নরসিংদী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু হয়। পথিমধ্যে ঘোড়াশালে এলে ইঞ্জিন বিকল হয়ে যায়।