মার্চে রাবিতে সাহিত্যবিষয়ক মেলা

আগামী মার্চে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হতে যাচ্ছে সাহিত্যবিষয়ক মেলা ‘চিরায়ত বাঙলা-২০১৯’। বিশ্ববিদ্যালয়ের সাহিত্যবিষয়ক পত্রিকা ‘চিহ্ন’ এই মেলার আয়োজক। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ১১-১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে দুই দিনব্যাপী এ মেলা হবে। মেলায় দেশের সাহিত্যবিষয়ক সংগঠনগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠন, লেখক, সম্পাদক অংশ নেবেন। ‘চিহ্ন’-এর আয়োজনে প্রতি তিন বছর পরপর এই মেলা অনুষ্ঠিত হয়। সভায় মেলা আয়োজনের লক্ষ্যে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। মেলা বাস্তবায়নের জন্য চিহ্ন সংশ্লিষ্ট সবাইকে বিভিন্ন কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

চিহ্নপ্রধান ড. শহীদ ইকবালের সভাপতিত্বে ও চিহ্নকর্মী নাসিম সরকারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক খালেক মিঠু, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পুলক পারিজাত, অগ্রণী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তবিব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।