‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে না’ ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এমন স্লোগান নিয়ে বেনাপোল ও শার্শা উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শতভাগ মাদকমুক্ত ঘোষণা করলেন যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিনসহ বিজিবি, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত সোমবার সন্ধ্যায় বেনাপোল সোনালী ব্যাংকের সামনে মাদকবিরোধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
শার্শা উপজেলা মাদক নির্মূল কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার মঈনুল হক বিপিএম, পিপিএম, ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. ইমরান উল্লাহ সরকার, র্যাব ৬-এর জেলা কমান্ডিং অফিসার মো. সুরত আলম, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান ও শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
প্রধান অতিথি সাংসদ মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, ‘যে কোনো মূল্যে আমার নির্বাচনী এলাকা শার্শা ও বেনাপোলকে মাদকমুক্ত করা হবে।’ সমাবেশ শেষে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।