প্রেম করে দুই বোনকে বিয়ে ভালোবাসা দিবসে আত্মহত্যা

প্রেম করেছেন দুই বোনের সঙ্গেই, কয়েক বছরের ব্যবধানে বিয়েও করেন তাদের। দুই সহোদরাকে নিয়ে ভালোই চলছিল সংসার। এক পর্যায়ে স্বামীকে কেন্দ্র করে দুই বোনের সংসারে শুরু হয় অশান্তি। এরই জেরে বিষপানের পর গতকাল বৃহস্পতিবার ভ্যালেন্টাইনস ডে-তে (ভালোবাসা দিবস হিসেবেও পরিচিত) মৃত্যু হয় ৪৫ বছর বয়সী এক ব্যক্তির।ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ঘুটিয়ারি শরিফ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। ভারতীয় পত্রিকাটির প্রতিবেদনে পুলিশ সূত্রে বলা হয়, পেশায় গাড়িচালক মুহম্মদ আব্বাস ১০ বছর আগে প্রেম করে বিয়ে করেন। ওই সময় স্ত্রীর বড় বোন, অর্থাৎ আব্বাসের আরেক প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যায়। এর কয়েক বছর পর বড় বোনের স্বামী মারা গেলে তিনিও আব্বাসকে বিয়ে করেন। দুই বোনকে নিয়ে একত্রে সংসারের প্রথম দিকে তেমন কোনো সমস্যা হয়নি বলে জানান পরিবারের অন্য সদস্যরা। কয়েক মাস পর আব্বাসকে কেন্দ্র করে দুই বোনের মধ্যে টানাপড়েন শুরু হয়। এরই জেরে শুরু হয় ঝগড়া-বিবাদ। মৃতের প্রতিবেশীরা জানান, প্রায় প্রতিদিনই দুই বোনের এই ঝামেলা সামলাতে গিয়ে হিমশিম খেতেন আব্বাস।

আব্বাসের পরিবার ও প্রতিবেশীরা জানান, শেষ পর্যন্ত সাংসারিক এই ঝামেলা থেকে ‘মুক্তি’ পেতে বিষপান করেন তিনি। বুধবার রাতে বিষপানের পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় আব্বাসকে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই মৃত্যু হয় আব্বাসের। ঘুটিয়ারি শরিফে বাস করা আব্বাসের মূল বাড়ি বিহারে। সম্প্রতি তিনি একটি গাড়ি কেনেন। জীবনতলা থানা পুলিশ জানিয়েছে, আব্বাসের বিষপানের কারণ খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।