মেয়র খোকনের আশা

২০২০ সালের মধ্যে ঢাকা দুর্যোগ মোকাবিলায় সক্ষম হবে

২০২০ সালের জুনের মধ্যে ঢাকা দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘বাংলাদেশে অগ্নি নিরাপত্তা : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন মেয়র। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাঈদ খোকন বলেন, দুর্যোগ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তায় একটি প্রকল্পের ৭৫ ভাগের বেশি কাজ এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। ২০২০ সালের জুন মাসে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে পারবে।

সাঈদ খোকন বলেন, ‘পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এই ঢাকা শহরে অগ্নিনিরাপত্তা একটি সমস্যা। আমরা অনেক দূর এগিয়েও গিয়েছি। কিন্তু আমাদের যে কাক্সিক্ষত লক্ষ্য, নিরাপদ একটি শহর, সেখানে পৌঁছাতে হলে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।’  বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ডিরেকটোরেট (বিএফএসসিডি) ও ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এতে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, সাংবাদিক নাঈমুল ইসলাম খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজউক, ওয়াসা, ডেসকো, তিতাস গ্যাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।