‘টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি’ সম্মাননা পেল ছায়ানট

ছায়ানটের হাতে ‘টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি’ সম্মাননা তুলে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

ভারতের প্রধানমন্ত্রী ও টেগোর অ্যাওয়ার্ড জুরি বোর্ডের প্রধান নরেন্দ্র মোদি এবং সংস্কৃতি মন্ত্রী ড. মহেশ শর্মার উপস্থিতিতে সোমবার সকালে নয়া দিল্লীতে প্রবাসী ভারতীয় কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ছায়ানটের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সংস্কৃতি অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের সম্মাননার জন্য নির্বাচিত হয় বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।

এই প্রথম দেশের বাইরের এবং এই প্রথম কোনো প্রতিষ্ঠান বা সংগঠনকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করল ভারত সরকার।

সম্মাননা গ্রহণ করে ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন ধন্যবাদজ্ঞাপন করেন।