প্রভাতফেরির স্রোত মেলায়

মহান শহীদ দিবসের প্রভাতফেরির মিছিলের স্রোত এসে মিশেছে অমর একুশে গ্রন্থমেলায়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই দিনভর এমন দৃশ্য ছিল তিন লাখ বর্গফুটের আয়তন জুড়ে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বইমেলায় এসেছেন কলকাতার অমলেশ চক্রবর্তী। তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উদ্যাপন এবং বইমেলা দেখার জন্য প্রথমবারের মতো ঢাকায় এসেছি। অনেক দিনের ইচ্ছা ভাষাশহীদদের শ্রদ্ধা জানাব।’ বইমেলার লিটলম্যাগ চত্বরে ক্ষ্যাপার স্টলের সামনে কথা হয় সার্বিয়ান অভিনেত্রী মিনা পেটকোভিচের সঙ্গে। রাজীবুল হোসেন পরিচালিত ‘হৃদয়ের রংধনু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে। তিনি বলেন, ‘ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছি। সবাইকে ‘হৃদয়ের রংধনু’ সিনেমা দেখার আমন্ত্রণ।’

বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বিদেশি অতিথি অনেকে এসেছেন। ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বইমেলা ঘুরে দেখছেন তারা। জার্মানি থেকে এসেছেন এন্ড্র মিনহোচ। তিনি বলেন, ‘বাংলাদেশের বসন্ত উৎসব, বৈশাখ উদ্যাপনের কথা শুনেছি। এবারই প্রথম চারুকলা প্রাঙ্গণে বসন্ত উৎসব দেখেছি। ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছি। এরপর বইমেলা ঘুরছি। ভালো লাগছে। পরেরবার বৈশাখী উৎসবে আসব।’ কলকাতা থেকে দ্বিতীয়বারের মতো বইমেলায়

আসা তরুণ কবি তন্ময় মণ্ডল জানান, এবার বইমেলায় ঘুরতে তার ভালো লাগছে। ধুলার বিড়ম্বনায় বইমেলায় অনেকেই নাক চেপে ঘুরছেন। সাজিদ রহমান নামে একজন বলেন, ‘ধুলার বিড়ম্বনা সহ্য করেই মেলায় ঘুরেছি। বই কিনেছি। এত মানুষের ভিড়, একটু ধুলা তো সহ্য করতেই হবে।’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার প্রবেশদ্বার খোলা থাকে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। একুশের প্রথম প্রহরে সকাল সাড়ে ৭টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় স্বরচিত কবিতা পাঠের আসর। এতে দেড় শতাধিক নবীন-প্রবীণ কবি অংশ নেন। বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে হয় অমর একুশে বক্তৃতা। বাংলা ভাষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক একুশে বক্তৃতা দেন ভাষাসংগ্রামী জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। বক্তৃতার শুরুতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সন্ধ্যায় কবিকণ্ঠে কবিতাপাঠ করেন নির্মলেন্দু গুণ, হাসান হাফিজ, কাজল বন্দ্যোপাধ্যায়, জাফর আহমদ রাশেদ, আলফ্রেড খোকন ও সোহেল হাসান গালিব। আবৃত্তি পরিবেশন করেন ইকবাল বাহার চৌধুরী, আহ্কাম উল্লাহ ও তামান্না সারোয়ার। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল ফকির সিরাজের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’র পরিবেশনা। লেখক বলছি অনুষ্ঠানে গতকালও প্রকাশিত নতুন বই নিয়ে কথা বলেন পাঁচ লেখক। আলোচনায় অংশ নেন খালেদ হোসাইন, শাহাদুজ্জামান, ফারুক ওয়াসিফ, রাহেল রাজিব ও তপন পালিত।

একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী, একুশে ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলায় ৩ হাজার ৩৬৩টি নতুন বই প্রকাশ হয়েছে। গতকাল প্রকাশ হয়েছে ৩৯৬টি। এর মধ্যে গল্পগ্রন্থ ৫২টি, উপন্যাস ৫২, প্রবন্ধ ২৭, কবিতা ১৪৫, গবেষণা ৮, ছড়া ৮, শিশুসাহিত্য ৯, জীবনী ১৩, রচনাবলি ২, মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ১০, নাটক ৯, বিজ্ঞান ৮, ভ্রমণ ৭, ইতিহাস ৬, রাজনীতি ২, চিকিৎসা/স্বাস্থ্য ১, অনুবাদ ৫, সায়েন্স ফিকশন ৪ এবং অন্যান্য ২৮টি। প্রকাশিত বইয়ের মধ্যে কথাপ্রকাশ এনেছে আহমদ রফিকের ‘ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা’ এবং ‘ভাষা আন্দোলনের গল্প শোনো’ নামে দুটি বই। ভাষা প্রকাশ এনেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রাজা’, জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ‘বনলতা সেন’ ও ‘রূপসী বাংলা’, উৎস প্রকাশন এনেছে অনন্ত হীরার নাটক ‘লোকনায়ক’ ও ‘কনডেমড সেল’। আজ বইমেলা বেলা ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে। বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশুপ্রহর। বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে হবে ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার শতবর্ষ : ফিরে দেখা’ শীর্ষক আলোচনা।