জাহিদ আকবর। পেশায় সাংবাদিক। গীতিকার হিসেবেও খ্যাতি পেয়েছেন তিনি। হাবিবের কণ্ঠে ‘ডুব’, ন্যানসির ‘দুদিকেই বসবাস’, ইমরানের ‘আরাধনা’, আরফিন রুমির ‘প্রিয়তমা’, ‘মন রাখো পাঁজরে’, ‘কিছু কথা আকাশে পাঠাও’, ‘তুমিহীনা’, কাজী শুভর ‘মন পাঁজরে’র মতো গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছেন তিনি।
গান লেখার পাশাপাশি জাহিদ আকবর আত্মপ্রকাশ করেছেন একজন লেখক হিসেবেও। গত বছরের একুশে বইমেলায় প্রকাশ হয় তার প্রথম উপন্যাস ‘উধাও’। এবার নিয়ে এলেন দ্বিতীয় উপন্যাস ‘শিকার’।
ফাঁদ পাতা এই ঢাকা শহরে প্রতি মুহূর্তে অসংখ্য নারী প্রতারণার শিকার হয়। নতুন নতুন প্রলোভনে হারিয়ে ফেলে জীবনের সবকিছু । নারীর সঙ্গে প্রতারণা, স্বপ্ন ভাঙা, লোভটাকে পুঁজি করে অজস্র বিচিত্র ঘটনার জন্ম হয়। সিনেমার নায়িকা হওয়ার অভিলাষে ঢাকায় আসা রুবিনা, আইটেম কুইন খ্যাত সখিনা। ফার্মগেটে মিছিলকারীদের কাছে হেনস্তা হওয়া শাহানা। গানের জন্য ঘুণপোকা ঢুকে যাওয়া অনন্যা সরদার। এই চারজন নারীর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে অয়ন। তার কারণে ভয়াবহ পরিণতি ঘটে অয়নের। আর এই সব প্রেম প্রতারণার গল্পই নিজের দ্বিতীয় উপন্যাস ‘শিকার’-এ তুলে ধরেছেন জাহিদ আকবর।
জাহিদ আকবর দেশ রূপান্তরকে বলেন, ‘বইয়ের মূল বিষয় হলো -ঢাকা শহরে আসা চার নারীর বিভিন্নভাবে প্রতারিত হওয়ার গল্প। চার নারীর সঙ্গে প্রতারণা, স্বপ্ন ভাঙা,তাদের লোভটাকে পুঁজি করে বিচিত্র ঘটনার আনাগোনা ‘শিকার’ উপন্যাসের মূল বিষয়বস্তু। ’
তিনি আরও বলেন, ‘উপন্যাস লেখার পেছনের কোনো যুক্তি থাকে না। গল্প বলার একটা তাড়না থেকেই ‘শিকার’ উপন্যাসটা লেখা। কিছু দেখা কিছু কল্পনা মাথার ভেতরে এসে ভিড় করেছিল বলেই একটা ঘোর থেকে শিকার লিখে ফেলি।’
বইটি কেন পড়বে মানুষ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষ টাকা দিয়ে ‘শিকার’উপন্যাসটা কিনবে তার কারণ যে গল্পটা বলতে চেয়েছি। সেই গল্পটা মানুষ খুব সহজে রিলেট করতে পারবেন । সহজেই মানুষ যে বিষয়টা রিলেট করতে পারে সেটায় তারা টাকা দিয়ে কিনে পড়েন।’
‘শিকার’ নামের উপন্যাসটি প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশন। গত বছর প্রকাশিত তার ‘উধাও’ উপন্যাসটি অনলাইন বই বিক্রির প্ল্যাটফর্ম রকমারিতে বেষ্ট সেলার তালিকায় জায়গা করে নেয়।