পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর অবিবাহিত থাকা, বংশ পরিচয় ও উচ্চ সামাজিক মর্যাদার অধিকারী হওয়ার শর্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার খিলগাঁওয়ের বাসিন্দা মো. হোসেন খানের পক্ষে আইনজীবী ইশরাত হাসান রিট আবেদনটি করেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আইনজীবী ইশরাত জানান, পুলিশের প্রবিধানমালার সংশ্লিষ্ট দফায় বলা আছে, সাব-ইন্সপেক্টর হিসেবে নিয়োগ পেতে হলে প্রার্থীকে উচ্চ সামাজিক মর্যাদার ও সম্মানিত বংশের হতে হবে। আরও বলা হয়েছে, প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং তার শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। এসব শর্ত থাকার কারণে রিটকারী যোগ্যতা থাকার পরও এই পদে আবেদন করতে পারছেন না। ওই আইনজীবী বলেন, এসব শর্ত সংবিধানের ২৯ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক। এই কারণে রিট আবেদনটি করা হয়েছে।