জামালপুরের দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গুলিতে আব্দুল খালেক (৪২) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। বুধবার দিবাগত রাত ১১টার দিকে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে বুধবার রাত ১১টার দিকে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে চা পান করছিলেন।
এ সময় বিদ্রোহী প্রার্থী সোলাইমান হোসেনের সমর্থকরা ২০/২৫টি মোটরসাইকেল নিয়ে অতর্কিত হামলা করে অন্তত ১৫ রাউন্ড গুলি ছোড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস যুবলীগ নেতা আব্দুল খালেক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হন।
আহতদের মধ্যে আনার আলী, মুসলিম ও মো. রুবেলকে গুলিবিদ্ধ অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বিদ্রোহী প্রার্থী সোলাইমান হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, আব্দুল খালেকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাতিজা মুসলিম বাদী হয়ে ৩১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।