কুষ্টিয়ায় স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রী হত্যা ও ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৮ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি বিজয় (২৮) ভেড়ামারা উপজেলার নওদা ক্ষেমিরদিয়া গ্রামের সাহাবুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় স্ত্রী ববিতা খাতুনকে (২০) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী কালু মালিথার দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলা করেন। এর আগে ২০১৩ সালের ২৪ জুন একটি ধর্ষণচেষ্টার অভিযোগে ঘটনার পরদিন ২৫ জুনে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলা করেন।

মামলা দুটির আসামি একই ব্যক্তি বিজয়ের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে ভেড়ামারা থানা পুলিশ।

এই মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি আকরাম হোসেন দুলাল জানান, দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামি বিজয়ের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ বছর সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন আদালত।

এই রায় একই সঙ্গে চলতে থাকবে এবং ২০১৪ সালের অক্টোবর থেকে শুরু করে অদ্যাবধি আসামির হাজতবাস কাটা হবে মোট কারাদণ্ড থেকে।