স্ত্রীকে আগুনে ‘পুড়িয়ে হত্যা’, স্বামী পলাতক

সাভারে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্বামী শহিদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি পুলিশ। বুধবার শেষ রাতে সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই গৃহবধূর নাম রিনা বেগম (৪৫)। তিনি সাভার হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার মৃত সামসুল হকের মেয়ে।

নিহতের বোন রিপা আক্তার অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়া বুধবার শেষ রাতে রিনা আক্তারকে পিটিয়ে আহত করে দুলাভাই শহিদুল ইসলাম। পরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ রিনা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতাল থেকে পালিয়ে যায় শহিদুল ইসলাম।

রিপা আক্তার আরও বলেন, তার বোন রিনা বেগম রাজধানীর জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে আয়ার চাকরি করতেন। সেখানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন শহিদুল ইসলাম। তিন বছর আগে তাদের বিয়ে হয়। তবে বিয়ের আগেই শহিদুল ইসলাম রিনা আক্তারের কাছ থেকে বিভিন্ন ব্যবসার কথা বলে ১৫ লাখ টাকা ধার নেয়। সেই টাকা ফেরত চাইলে বৃহস্পতিবার রাতে তাদের ঝগড়া হয়।

পুলিশ জানায় শহিদুল ইসলাম নিহত গৃহবধূর দ্বিতীয় স্বামী। তবে তারও ঢাকায় তার আরেক স্ত্রী রয়েছে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম নবী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে শহিদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা হবে বলেও জানান তিনি।