বেলকুচিতে ভোট দিলেন অশীতিপর আবদুর রহিম

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন অশীতিপর এক ভোটার। উপজেলার দৌলতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বওড়া গ্রামের সোহাগপুর নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে গতকাল রোববার দুপুর ১২টার দিকে ভোট দেন গ্রামের সবচেয়ে প্রবীণ হাজি আবদুর রহিম। তিনি জানান, তার বর্তমান বয়স এখন ১১০। হয়তো এটাই আমার শেষ ভোট দেওয়া। আর ভোট দিতে পারব কি না জানি না।

তিনি বাড়ি থেকে লাঠি ভর দিয়ে একাই ভোটকেন্দ্রে হেঁটে এসেছেন। ভোট শেষে তিনি একাই বাড়ি ফিরছেন। তিনি এ বয়সেও কানে ভালো শুনতে পান। চোখেও ভালো দেখতে পান। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে হেঁটে গিয়ে জামাতের সঙ্গে আদায় করেন। চশমা ছাড়াই তিনি কোরআন পাঠ করেন।

আবদুর রহিমের ছেলে তমিজ উদ্দিন (৬৫), গ্রামের প্রবীণ ব্যক্তি মোখলেসুর রহমান সরকার (৭২), আশরাফ জোয়াদ্দার (৬৪) ও ফজলুর রহমান সরকার (৭০) তার বয়সের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি প্রতিদিন গভীর রাতে একা একা মসজিদে এসে তাহাজ্জতের নামাজও আদায় করেন। ভোট শেষে তার হাত ধরে এগিয়ে নিয়ে যেতে দেখা যায় এ গ্রামের আরিফুল ইসলাম (১৫) ও আশরাফুল মোল্লাকে (১৪)। তারা দুজন সম্পর্কে ওই বৃদ্ধের নাতি।