পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭৩ শতাংশ কোম্পানিতে নারীরা কর্মরত। কিন্তু মাত্র ১৭ শতাংশ কোম্পানির পরিচালনা পর্ষদে নারী সদস্য রয়েছেন। যেটি খুবই কম। নারীদের অংশগ্রহণের মাধ্যমে এই হার বাড়ানো উচিত, যা কোম্পানিগুলোর ব্যবসায় ইতিবাচক ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ‘রিং দ্য বেল ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।
প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, নারীরা এখন উদ্যোক্তা হচ্ছে। বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। এমনকি তারা শেয়ারবাজারে বিনিয়োগ করছে। তাদের উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তাদের ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।