ছায়ানটে ‘দেশঘরের গান’

ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হলো ‘দেশঘরের গান’। ছায়ানটের বার্ষিক লোকগান সম্মিলনের এবার আয়োজনটি বসেছিল ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে।

সোমবার এই আয়োজনের উদ্বোধন করেন লোক গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান। স্বাগত কথনে অংশ নেন ছায়ানটের উপদেষ্টামণ্ডলীর সদস্য মফিদুল হক।

উদ্বোধনী বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, আমাদের শিল্পীরা মুখে মুখে যে গান বাঁধেন, তার মধ্যে সুরের জাদু, কথার বৈভব ফুটে ওঠে। আর তার মধ্যেই একটি জাতির জীবনের গভীর দর্শন ফুটে ওঠে।’

এরপর একক গান পরিবেশন করেন পঞ্চগড়ের দেবীখানা অমরখানার শিল্পী সতীশ চন্দ্র পাল, সুনামগঞ্জের ছাতকের মণ্ডলীভোগের শিল্পী মুকুলকান্তি দে ও কুষ্টিয়ার কুমারখারী ছেঁউরিয়ার ফকির বলাই শাহ। পরে হালুই গান গেয়ে শোনান অরুণ কুমার দাস ও তার দল। আর নওগাঁর কিচ্ছাপালা শোনান মো. সাইদুল ইসলাম ও তার দল। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।