ঝালকাঠির নলছিটিতে হারুনুর রশীদ হাওলাদার (৬৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে শহরের মালিপুর এলাকার একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। হারুনুর রশীদ একই এলাকার মৃত ইমান উদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন হারুনুর রশীদ। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। আজ সকালে মালিপুরের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি মাঠে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসে। হারুনুর রশীদের রহস্যজনক মৃত্যু হয়েছে বলেও দাবি স্বজনদের।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই জানা যাবে।