সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এক জরুরি সভা করেছেন সাংবাদিকেরা।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘হাফিজ আহমদের আচরণ সিলেটের সাংবাদিক সমাজকে আহত করেছে। তাই অবিলম্বে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।’
সভায় বক্তারা বলেন, প্রায় ১১ বছর ধরে সিলেট ওসমানী বিমানবন্দরে ব্যবস্থাপক হিসাবে কর্মরত রয়েছেন হাফিজ আহমদ। দীর্ঘ এই সময়ে তার মদদে বিমানবন্দরে নানা অনিয়ম-দুর্নীতি হচ্ছে। বিমানবন্দরে অবাঞ্ছিত লোকজনের অবাধ আনাগোনা থাকলেও সাংবাদিকদের প্রবেশে তিনি অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন।
বক্তারা এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ।
সাধারণ সম্পাদক শাহ দিদার আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক সালাম মশরুর, আল আজাদ, রেজওয়ান আহমদ প্রমুখ।
প্রসঙ্গত গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে স্বাগত জানাতে সাংবাদিকেরা ওসমানী বিমানবন্দরে গেলে সেখানে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।