একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘অনিয়মের’ বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট যে গণশুনানি করেছে, আগামী এক সপ্তাহের মধ্যে তা বই আকারে প্রকাশ করা হবে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
রব বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে গণশুনানির প্রতিবেদন বই আকারে বাংলা এবং ইংরেজিতে প্রকাশ করা হবে। এরপর তা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।’ মার্চ ও এপ্রিলজুড়ে জাতীয় ঐক্যফ্রন্টের ধারাবাহিক কর্মসূচি থাকবে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে একদলীয় শাসন নয়, এক ব্যক্তির ফ্যাসিস্ট শাসন চলছে। সরকার ভোট ডাকাতির কথা স্বীকার করছে।’
বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঐক্যফ্রন্টের নেতারা সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। নতুন করে জাতীয় সংসদ নির্বাচন, নিরাপদ সড়ক দাবি, সিটি করপোরেশনে উপনির্বাচন, উপজেলা নির্বাচন এবং ডাকসু নির্বাচনে ও ব্যবস্থাপনা, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে ৩০ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায় মানববন্ধন করবে জোট। ৩১ মার্চ বেলা ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা করবে জোটটি। এছাড়াও এপ্রিলজুড়ে বিভাগীয় এবং জেলা পর্যায়ে কর্মিসমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন ফ্রন্টের এই নেতা।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের নেতা শহীদুল্লাহ কায়সার, মমিন উল্লাহ, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান খোকা প্রমুখ। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে অংশ নেননি।