শিশু ছেলেকে নির্যাতনের অভিযোগে বাবা গ্রেপ্তার

দিনাজপুরের চিরিরবন্দরে ১০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে জখম করার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বাধীনতা দিবসের দিন বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যাওয়ায় শিশু শাহরিয়ার আহমেদকে তার বাবা শাহজাহান আলী সাজু গাছের ডাল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। আহত শাহরিয়ারকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সে স্থানীয় বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

হাসপাতালের বিছানায় শুয়ে শাহরিয়ার দেশ রূপান্তরকে বলে, ‘স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে গ্রামের সমবয়সী বন্ধুরা মিলে ক্রিকেট খেলার আয়োজন করি। ম্যাচ শেষ করে আমরা সবাই মিলে বাড়ির পাশের কাকরা নদীর ওপর রাবার ড্রাম ব্রিজের নিচে গোসল করতে যাই। পরে বাড়ি ফিরলে আব্বা আমাকে ঘরের ভেতর ডেকে নিয়ে হাত-পা বেঁধে আম গাছের ডাল দিয়ে পিটিয়ে আটকে রাখে। আমাকে আটকে রেখে পেট্রল দিয়ে ঘর জ্বালিয়ে দেবে এই বলে পেট্রল কেনার জন্য আব্বা বাইরে যায়। তখন আমার এক বন্ধু ঘরের দরজা বাইরে থেকে খুলে দিলে আমি পালিয়ে চলে আসি। পরে আমার নানা ও গ্রামবাসী আমাকে হাসপাতালে ভর্তি করায়।’

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মর্তুজা-আল মামুন বলেন, ‘শাহরিয়ারকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। তার হাত, পা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত তৈরি হয়েছে। তার শারীরিক ক্ষত সেরে উঠতে কিছুদিন সময় লাগবে। তবে শিশুটির মনের মধ্যে যে ভয় ঢুকে গেছে তা কাটিয়ে উঠতে অনেক দিন সময় লাগবে।’

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম বলেন, ‘শাহরিয়ারকে তার বাবা বেদম পিটিয়েছে। আমি শিশুটিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। তার অবস্থা দেখলে যে কারও হৃদয় কেঁপে উঠবে। পিতা নামক এমন নরাধমকে আইনের আওতায় আনার জন্য আটক করা হয়েছে।’