শুরু হচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব

রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শুরু হচ্ছে পদাতিক নাট্য সংসদ আয়োজিত ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০১৯’।

আট দিনব্যাপী উৎসবে ভারতের ৪টি ও স্বাগতিক দলসহ দেশের আলোচিত ১৬টি নাটক মঞ্চস্থ হবে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’-স্লোগানে সম্মিলিতভাবে উৎসবের উদ্বোধন করবেন রামেন্দু মজুমদার, ম. হামিদ, মামুনুর রশিদ।

উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করবেন পদাতিকের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন।

এ বছর দুজন নাট্য ব্যক্তিত্বকে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। তারা হলেন লিয়াকত আলী লাকী ও গোলাম সারোয়ার।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হবে ভারতের নাট্যদল বীজপুর চতুর্থসূত্রের নাটক ‘ডাকাত হীরু’।

একই সময়ে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক ‘গ্যালিলিও’ এবং স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাট্যচক্রের নতুন নাটক ‘একা এক নারী’।

প্রতিদিন নাট্য মঞ্চায়নের আগে বিকাল ৫টা থেকে জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখে নির্মিত অস্থায়ী মঞ্চে বিভিন্ন নাট্যদল এবং সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে পরিবেশিত হবে আবৃত্তি, পথ নাটক, মাইম, নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজন।