রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ আগামী ২৫ এপ্রিল যাত্রা শুরু করছে। এদিন সকাল ১০টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটির যাত্রা উদ্বোধন করবেন।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৫ এপ্রিল ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধনের তারিখ নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী। রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের জন্য প্রথম দিন সকাল ৭টার পরিবর্তে সকাল ১০টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। অন্যান্য দিন সময়সূচি অনুযায়ী চলবে। মেয়র বলেন, ‘আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে একটি ছিল রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন চালু করা।’ রাজশাহী-ঢাকার মধ্যে প্রথম বিরতিহীন ট্রেনের ‘বনলতা এক্সপ্রেস’ নামটি দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। ১২টি বগি নিয়ে ট্রেনটি প্রাথমিকভাবে চলাচল করবে। রাজশাহী থেকে সকাল ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টায়। একইদিন ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ঢাকা ছাড়বে বেলা দেড়টায়। রাজশাহী রেলস্টেশনে পৌঁছাবে বিকেল সাড়ে পাঁচটায়।