ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় অনুসন্ধান চেয়ে রিট আবেদন করা হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।
আবেদনে বিচার বিভাগীয় অনুসন্ধানের পাশাপাশি র্যাবের মাধ্যমে এ ঘটনার তদন্ত, বিশেষ ট্রাইব্যুনালে নুসরাত হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ করা, তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং এ ঘটনায় অবহেলাকারীদের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারী আইনজীবী জানান, সাংবাদিক সাগর-রুনি হত্যা, কুমিল্লার তনু হত্যা ও চট্টগ্রামের মিতু হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে চাওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে রিট আবেদনে।
সম্প্রতি ফেনীর সোনাগাজীতে স্থানীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (বর্তমানে বরখাস্ত) সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন ওই মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি। এতে অধ্যক্ষের রোষানলে পড়েন তিনি।
গত ৬ এপ্রিল পরীক্ষার দিন সকালে ওই মাদ্রাসার সাইক্লোন শেল্টার ভবনের ছাদে নুসরাতকে ডেকে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয় সিরাজ উদ দৌলার অনুসারীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পা২চ দিন চিকিৎসার পর গত ১০ এপ্রিল মারা যান নুসরাত।
ইতোমধ্যে এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।