জিয়াউলকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না: চিফ প্রসিকিউটর 

এ মামলায় প্রসিকিউশনের সাক্ষীদের দেওয়া বক্তব্য তুলে ধরে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, 'সাক্ষীদের বক্তব্যে যেগুলো উঠে এসেছে, তাতে আমরা ক্যালকুলেট করে দেখেছি, অন্তত ১১৫ জনকে তিনি (জিয়াউল আহসান) বিভিন্ন সময়ে হত্যা করেছেন। প্রতিটি অপারেশনে ৪ জন, ৫ জন, ১১ জন- এরকম হত্যা করা হতো।'

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

আওয়ামী লীগের আমলে (এখন কার্যক্রম নিষিদ্ধ) শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ বুধবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্কের শুনানি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আইনজীবীরা।

এদিন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল-১ এ শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

শুনানির কার্যক্রম বাঙলাদেশ টেলিভিশন (বিটিভি) ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

মামলার আসামি জিয়াউল আহসান আজ কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন। শুনানিতে চিফ প্রসিকিউটর গুম ও খুন নিয়ে জিয়াউল আহসানের নির্মমতা তুলে ধরে বলেন, 'তাকে কোনো ভাবেই ছেড়ে দেওয়া যাবে না।'

এ মামলায় প্রসিকিউশনের সাক্ষীদের দেওয়া বক্তব্য তুলে ধরে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, 'সাক্ষীদের বক্তব্যে যেগুলো উঠে এসেছে, তাতে আমরা ক্যালকুলেট করে দেখেছি, অন্তত ১১৫ জনকে তিনি (জিয়াউল আহসান) বিভিন্ন সময়ে হত্যা করেছেন। প্রতিটি অপারেশনে ৪ জন, ৫ জন, ১১ জন- এরকম হত্যা করা হতো।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকারের শাসনামলে এমন একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মানুষ মনে করত, কাউকে হত্যা করা যায়, ক্রসফায়ারে দেওয়া যায় কিংবা বলপূর্বক গুম করা যায়।'

চিফ প্রসিকিউটর বলেন, ‘রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণেই এ ধরনের ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করেছেন। তারা দিনের পর দিন এসব অপরাধ করেছেন।'

তিনি বলেন, 'তখন মানুষের জানমাল তাদের হাতে জিম্মি ছিল। ইচ্ছা করলেই তারা কাউকে তুলে নিয়ে যেতে পারতেন। জনগণের জানমালের নিরাপত্তা না দিয়ে তারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।'

মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ক্যান্টনমেন্টে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ‘এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিৎ।’

গত বৃহস্পতিবার জিয়াউল আহসানের বিরুদ্ধে ১৫তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গত রবিবার আসামির পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ হয়। আসামির বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর গত ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন পর গ্রেপ্তার হন জিয়াউল আহসান।

সর্বশেষ সর্বাধিক পঠিত