গাছা থানার এসআই রফিকুল প্রত্যাহার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এসআই মো. রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে নিরীহ মানুষকে থানায় ধরে এনে টাকা আদায়, মামলা ও গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, ফুটপাত ও অটোরিকশায় চাঁদাবাজিসহ নানা অভিযোগ ছিল। সর্বশেষ তার বিরুদ্ধে দুই মাদক কারবারিকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রাথমিক তদন্তে সত্যতা পায় পুলিশ। গাছা জোনের সহকারী কমিশনার মো. আশরাফ-উল-ইসলাম জানান, দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশ কমিশনারের নির্দেশে গত মঙ্গলবার রাতে এসআইকে প্রত্যাহার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৮টার দিকে গাছা এলাকা থেকে দুই মাদক কারবারিকে শতাধিক ইয়াবাসহ আটক করেন পরিদর্শক রফিকুল ইসলাম। থানায় না এনে রাত ১০টার দিকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের ছেড়ে দেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি জানাজানি হলে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়।