হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সফিকুল ইসলাম সুমন (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সাফিরুল ইসলামের ছেলে। এ সময় বিএসএফ একই গ্রামের এনাদুলের ছেলে মাসুদ রানাকে (২০) ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন নবী বলেন, ভোর ৪টার দিকে সফিকুল, মাসুদসহ কয়েকজন বাংলাদেশি সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করেন। এ সময় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের বসতপুর ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন। এ সময় মাসুদকে আটক করে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার নিন্দা জানিয়েছে বিজিবি।