বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান

হয় বউ, না হয় লাশ হয়ে প্রেমিকের বাড়ির কবরে যাবেন এমন দাবি নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী।

জানা গেছে, কোটালীপাড়ার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ী গ্রামের নুরুল হক খন্দকারের ছেলে মিরাজ খন্দকারের সঙ্গে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের এক ছাত্রীর তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

গত বৃহস্পতিবার মিরাজ ওই ছাত্রীকে ফোন দিয়ে তার বিয়ের কথা জানায়। এতে ওই দিনই ওই কলেজছাত্রী মিরাজদের  বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়।  সঙ্গে সঙ্গে মিরাজ বাড়ি থেকে পালিয়ে যায়। মিরাজদের বাড়িতে অবস্থানকারী ওই ছাত্রী গতকাল সোমবার বলেন, ‘মিরাজের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়। সে (মিরাজ) রাঙ্গামাটির কর্মস্থল থেকে ছুটিতে এসে বিভিন্ন সময়ে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়েছে। ’

এ বিষয়ে মিরাজের বাবা নুরুল হকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃতলাল হালদার বলেন, ‘শুনেছি উভয় পক্ষই ছেলে-মেয়ের বিয়ে দিতে একমত হয়েছে।’