মুন্সীগঞ্জের শ্রীনগরের যুবলীগ নেতা মো. শাহীন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় দেন।
কারাদন্ড প্রাপ্তরা হলেন- রাজা খাঁ, সোহেল চৌকিদার, এমারত চৌকিদার, আওলাদ চৌকিদার, মাসুদ তালুকদার, রনি কাজী ও বাঁধন। এদের মধ্যে রাজা খাঁ ছাড়া অন্য আসামিরা পলাতক। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদ- এবং তা অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে খালাস দিয়েছেন বিচারক। মামলার নথি থেকে জানা যায়, পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে আসামিরা ২০১৪ সালের ৬ মার্চ সন্ধ্যায় শাহীনের ওপর হামলা চালায়। ওই দিন শাহীন ঢাকার গুলিস্তান থেকে আরাম পরিবহনের বাসে শ্রীনগরে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে আলআমিন বাজারের কাছে বাসটি থামিয়ে আসামিরা পিস্তল ও রামদা নিয়ে তাকে আক্রমণ করে। ১৫ মার্চে সকালে শাহীন মারা যান। এ ঘটনায় শাহীনের ফুপু কানন বেগম শ্রীনগর থানায় মামলা করেন।