সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

মোংলার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর খন্তা-কদাইল্লা খালে র‌্যাবের সঙ্গে বনদস্যু রানা বাহিনীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে বাহিনী প্রধানসহ তিন দস্যু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড তাজা গুলি ও একটি নৌকা ট্রলার।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকার জানান, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের খন্তা-কদাইল্লা খালে সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত থেমে থেমে কয়েক দফা গোলাগুলি হয় বনদস্যু রানা বাহিনীর সঙ্গে। এ সময় বাহিনী প্রধান পান্না ওরফে রানা (২৮), কামরুজ্জামান (৩৯) ও জুলহাস (৩২) গুলিবিদ্ধ হন।

এছাড়া আহত হয় র‌্যাব সদস্য আসিফ ইকবাল (৩০) ও আব্রাহাম লিংকন (৩২)। পরে সকাল পৌনে ১১টায় গুলিবিদ্ধ দস্যুদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিউল হাসান তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত দস্যুদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে বলে জানিয়েছে র‌্যাব। নিহত দস্যুদের লাশ ও উদ্ধার হওয়া অস্ত্র-গুলি মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল।