বনলতা এক্সপ্রেসে বাধ্যতামূলক খাবারের মূল্য না নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর

নতুন চালু হওয়া রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনে টিকিটের সঙ্গে বাধ্যতামূলক খাবারের মূল্য পরিশোধ নিয়ে বিভিন্নমহলের দাবীর প্রেক্ষিতে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান বলেন, যাত্রীদের প্রত্যাশা ও সুবিধার কথা বিবেচনা করে বাধ্যতামূলক খাবারের সিদ্ধান্ত বাতিল করে খাবারের বিষয়টি ঐচ্ছিক করার আহ্বান জানানো হয়েছিল। মন্ত্রী বাধ্যতামূলক খাবার বাতিলের আশ্বাস দেন।

এছাড়া রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এবং রাজশাহী-৬ আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও বাধ্যতামূলক খাবার বাতিলের আহ্বান জানিয়েছিলেন।

বনলতা এক্সপ্রেস ট্রেনের টিকিটের সঙ্গে ১৫০ টাকার বাধ্যতামূলক খাবারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ফজলে হোসেন বাদশা এবং শাহরিয়ার আলম। তারা বিষয়টি নিয়ে মন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন।

উল্লেখ্য গত ২৫ এপ্রিল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনলতা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। ২৭ এপ্রিল থেকে ট্রেনটি যাত্রী পরিবহন শুরু করে।