কবি মিনার মনসুর জাতীয় গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক

জাতীয় গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক মিনার মনসুর।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দিলসাদ বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মিনার মনসুরকে দুই বছরের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

সত্তর পরবর্তী রাজনীতি-সচেতন নিভৃতচারী এই কবি কবিতায় নিজস্ব ভাষা সৃষ্টি করে গড়ে তুলেছেন স্বীয় সত্তা।

মিনার মনসুর সম্পাদক, প্রকাশক ও সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পঁচাত্তর-পরবর্তীকালে। চরম প্রতিকূলতার মধ্যে ১৯৭৯ সালে প্রকাশ করেছেন ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ নামে গ্রন্থ। ১৯৭৮ সালের ১৫ আগস্ট তার সম্পাদনায় প্রকাশিত হয় ‘এপিটাফ’-এর একটি বিশেষ সংখ্যা। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ‘আবার যুদ্ধে যাবো’ শিরোনামে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করেছেন ১৯৮০ সালে।

মিনার মনসুরের জন্ম ২০ জুলাই ১৯৬০ সালে, চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। তাঁর একাধিক কাব্যগ্রন্থ, জীবনীগ্রন্থ, গবেষণামূলক প্রবন্ধগ্রন্থ এবং সম্পাদিত গ্রন্থ রয়েছে।