নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৮ জুন। বিগত দুটি নির্বাচনে এখানে ক্ষমতাসীন ও অন্যান্য দলের শক্তিশালী প্রার্থীদের পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল।
আসন্ন উপজেলা নির্বাচনেও জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। দলীয়ভাবে বিএনপি নির্বাচনে না গেলেও দলের সমর্থন নিয়েই উপজেলা নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির এই নেতা।
এর আগে টানা দুইবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বন্দর উপজেলা নির্বাচনে দুইবারই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতাউর রহমান মুকুল।
অভিযোগ রয়েছে, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এ কে এম সেলিম ওসমানের পক্ষে বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। নিজের দলীয় প্রার্থীর পক্ষে না থেকে সেলিম ওসমানের পক্ষে সরাসরি ভোট প্রার্থনা করেছেন। সে অনুযায়ী ওসমান পরিবারেরও আলাদা সমর্থন থাকবে তার পক্ষে।
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে আতাউর রহমান মুকুল দেশ রূপান্তরকে বলেন, ‘আমি জনগণের চাহিদার কারণেই নির্বাচনে অংশগ্রহণ করব। দলের সমর্থন নিয়েই স্বতন্ত্র প্রার্থী হব। আমার বিশ্বাস, জনগণ আমার বিগত কর্মকা-ের বিবেচনায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবেন।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ কে এম সেলিম ওসমান জনপ্রতিনিধি হিসেবে বেশ ভালো ব্যক্তিত্ব।’ এ প্রসঙ্গে তার সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কথা তুলে ধরেন এই বিএনপি নেতা। গত বৃহস্পতিবার পঞ্চম ধাপে ১৯টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।