বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব টিভি যুক্ত হচ্ছে ১৯ মে

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের এক বছর পূর্ণ হয়েছে গতকাল রবিবার। এরই মধ্যে দেশের ১৫টি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট তরঙ্গের মাধ্যমে সম্প্রচার করছে। কক্ষপথে যাওয়ার বর্ষপূর্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে সম্প্রচার শুরু করতে যাচ্ছে দেশের সব টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) জানিয়েছে, আগামী ১৯ মে থেকে দেশের সব টিভি চ্যানেলই এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করবে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম।

গত বছরের ১২ মে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয় দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। নভেম্বরে এর পরিচালনার দায়িত্ব বুঝে নেয় বিসিএসসিএল। এরপরই দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে সেবা দেওয়ার উদ্যোগ নেয় বিসিএসসিএল। এ ছাড়া এই স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ দেওয়াসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। টেলিভিশনগুলোর সিগন্যাল ডাউনলিঙ্ক নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দেওয়ার দাবি জানান টেলিভিশন চ্যানেলের কর্মকর্তারা। দেশে বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি বিদেশেও স্যাটেলাইট সেবা দিতে পরামর্শক নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে ফিলিপাইন ও নেপাল বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই মুহূর্তে টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সেবা নিলেও কারিগরি সমস্যার কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে সম্পূর্ণ সম্প্রচার কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। বেসরকারি টিভি স্টেশন ‘সময় টেলিভিশনের’ তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার প্রধান সালাউদ্দীন সেলিম দেশ রূপান্তরকে বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয় ইনসেট সি ব্যান্ড। এই ইনসেট সি ব্যান্ডের ফ্রিকোয়েন্সিগত আপলিঙ্ক সেটআপ আমাদের দেশের কোনো টিভি চ্যানেলেরই নেই। সে কারণে এই ফ্রিকোয়েন্সিতে ম্যাচ করতে গেলে টিভি চ্যানেলগুলোকে আপলিঙ্ক ইকুইপমেন্ট চেঞ্জ করতে নতুন করে টাকা খরচ করতে হবে।’

কেব্ল টিভি অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার পারভেজ বলেন, ‘বর্তমানে যে স্যাটেলাইটে বাংলাদেশের চ্যানেলগুলো চলছে, এখন যদি তারা বলে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করবে তবে যাদের (বর্তমান ব্যবহৃত স্যাটেলাইট) কাছে এলএনবিটা আছে শুধু তারাই দেখাতে পারবে। বেশিরভাগ অপারেটর এখন আপলিঙ্ক করতে পারবে না।’

বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে খুব দ্রুতই বঙ্গবন্ধু স্যাটেলাইটকে শতভাগ ব্যবহার উপযোগী করা হবে।’