আগারগাঁওয়ে বিস্ফোরণে স্বামী-স্ত্রী গুরুতর দগ্ধ

রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের পাঁচতলা একটি ভবনের নিচতলার এক ফ্ল্যাটে গতকাল বৃহস্পতিবার বিস্ফোরণে স্বামী-স্ত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন ফার্মেসি ব্যবসায়ী মুক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী সালমা আক্তার (২৭)। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, মুক্তারের শরীরের ৯৭ ও সালমার ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

বিকেল সাড়ে ৪টার দিকে আগারগাঁও বিএনপি বাজার ২ নম্বর রোডের ১৪৭/১ নম্বর বাসার নিচতলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফায়ারম্যান আফজাল হোসেন। দেশ রূপান্তরকে তিনি বলেন, বাসায় একটি বিস্ফোরিত টেলিভিশনের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গ্যাস সংযোগে লিকেজ থাকায় ঘরে গ্যাস জমা ছিল। রান্নার কাজে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। অগ্নিদগ্ধ মুক্তার জানান, বিকেলে তাদের একমাত্র ছেল কোচিং করতে বাইরে ছিল। তার স্ত্রী রান্না করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণে ঘরে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন।