দেশের মাটিতে অধিক ভিটামিন-এ সমৃদ্ধ উন্নত জাতের জাপানি মিষ্টি আলু চাষে সফলতা পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) একদল গবেষক। জাইকার অর্থায়নে জাপানি কোম্পানি মারুহিসার সহযোগিতায় মূল গবেষক এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. মো. আশাবুল হক। মাঠপর্যায়ে তাকে সহযোগিতা করেন মাস্টার্সের তিনজন শিক্ষার্থী। এ গবেষণায় বেনি, খোকেই ও খোগানে নামে জাপানের তিনটি জাতের সফল পরীক্ষা হয়েছে।
গবেষক আশাবুল হক বলেন, প্রচলিত মিষ্টি আলুর চেয়ে নতুন জাতগুলো অধিক ভিটামিন-এ সমৃদ্ধ। জাপানি খোকেই জাত থেকে প্রতি হেক্টরে ৩০-৩৫ টন ফলন পাওয়া গেছে, যা প্রচলিত জাতের উৎপাদনের চেয়ে কয়েক গুণ বেশি। তিনি জানান, মোট চারটি জাত নিয়ে কাজ করেন। জাপানি তিনটি ছাড়া রয়েছে একটি বারি মিষ্টি আলু-১২। বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠের পাশাপাশি গাইবান্ধা, শেরপুর, বগুড়া ও শরীয়তপুরে পরীক্ষামূলকভাবে জাতগুলোর চাষাবাদ করে ভালো ফলন মিলেছে। এতে উন্নত জৈবসার ও মালচিং প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে; যা মাঠপর্যায়ে কৃষকদের শেখানো হচ্ছে।
এ গবেষক বলেন, দেশে এখন আর খাবারের ঘাটতি নেই, তবে সুষম খাদ্যের পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিনে আমরা এখনো পিছিয়ে। মিষ্টি আলু সস্তা এবং প্রচলিত ফসল। কাজেই এসব জাত চাষ করা হলে ভিটামিন-এ’র ঘাটতি পূরণে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।