অবশেষে আড়াইহাজার থানার ওসি প্রত্যাহার

অবশেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

তার পদে দায়িত্ব পালন করবেন পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।

শুক্রবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে ওসি আক্তার হোসেনকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন দেশ রূপান্তরকে জানান, পুলিশ সুপারের নির্দেশে প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

তবে সাম্প্রতিক কিছু ঘটনায় আক্তার হোসেন বেশ সমালোচিত হয়েছেন।

১৫ মে গণধর্ষণের অভিযোগ দায়ের করলেও মামলা নিতে ওসি গড়িমসি করেছেন বলে  তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এক নির্যাতিত নারী।

এর আগে ২৯ মার্চ থানার ভেতর ঢুকে ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশকে প্রাণনাশের হুমকির ঘটনায় তাদের বিরুদ্ধে জিডিও করা হয়নি।

১৭ এপ্রিল আড়াইহাজারের গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ভেতর কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্যকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকে আটক করা হলেও পরে নেতাকর্মীরা থানা ঘেরাও করলে চাপের মুখে তাকে ছেড়ে দেয় পুলিশ।

বিষয়টি জানাজানি হয়ে গেলে চাপের মুখে পড়ে গভীর রাতে থানায় একটি মামলা করে পুলিশ।

২৭ এপ্রিল আড়াইহাজার চার পুলিশ সদস্যকে মারধর করে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে আটকে রাখে। পরে ওসির হস্তক্ষেপে ওই পুলিশ সদস্যদের ছাড়িয়ে আনা হয়।

এ ঘটনায়ও কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।

এরপর ১৫ মে রাতে আড়াইহাজারে ডজনখানেক ডাকাতি মামলার আসামি মুকুলকে গ্রেপ্তারের পর তার আত্মীয় ও সহযোগীরা হামলা চালিয়ে পুলিশকে আহত করে হাতকড়াসহ তাকে ছাড়িয়ে নিয়ে যায়।