বরিশালের লালমোহনগামী এমভি শ্রীনগর-২ লঞ্চের তলা ফেটে ভেতরে পানি ঢোকার ঘটনা ঘটেছে। লঞ্চের ভেতরে পানি ঢুকে পড়তে পড়তে লঞ্চটি দ্রুত পাড়ে ভিড়ানো হয়। এতে অল্পের জন্যে রক্ষা পেয়েছে আড়াই শতাধিক যাত্রীর জীবন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পরবর্তীতে একই কোম্পানির অপর একটি লঞ্চ এমভি শ্রীনগর-৮ এসে যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
মতলব উত্তর উপজেলার মোহনপুর ফাঁড়ির ইনচার্জ ওসি মো. নাছির উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে চাঁদপুরের মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের তলায় ফাটল দেখা দেয়।
এ সময় লঞ্চের ভেতর পানি ঢুকতে থাকায় দ্রুত লঞ্চটিকে পাড়ে ভিড়ানো হয়। লঞ্চে থাকা আড়াই শতাধিক যাত্রী নিরাপদে পাড়ে নেমে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
পরবর্তীতে রাত ১১টায় একই কোম্পানির অপর একটি লঞ্চ এসে যাত্রীদের নিয়ে লালমোহনের উদ্দেশ্যে রওনা দেয়।