হার্জের জনপ্রিয় কমিকস ‘টিনটিন’-এরই প্রথম প্রকাশিত প্রচ্ছদের জন্য আঁকা আসল ছবিটি শনিবার নিলামে ওঠে। যুক্তরাষ্ট্রের ডালাসে বিক্রি হয়েছে প্রায় ১১ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৯ কোটি ২৮ লাখ টাকারও বেশি।
সংবাদসংস্থা এএফপি জানায়, ছবিটি নিলামে তোলে হেরিটেজ অকশনস হাউস। তবে ক্রেতা ও বিক্রেতা কারোই পরিচয় প্রকাশ করা হয়নি।
ওই ছবিতে দেখা যাচ্ছে, একটি গাছের গুঁড়ির ওপর বসে রয়েছে টিনটিন। নিজের বিমানের জন্য প্রপেলার তৈরির চেষ্টা করছে। বিমানটি সজোরে ল্যান্ড করার সময় প্রপেলার ক্ষতিগ্রস্ত হয়। তাই নতুন করে তৈরির চেষ্টা। স্থানটি সম্ভবত সাবেক সোভিয়েত ইউনিয়নের কোথাও। পাশাপাশি স্নোয়িকেও দেখা যায়।
বেলজিয়ামের কমিকস আঁকিয়ে হার্জের আসল নাম জর্জেস রেমি। ১৯২৯ সালের দিকে হার্জ এক বেলজিয়ান দৈনিকের শিশুতোষ ক্রোড়পত্রে টিনটিনের গল্প লিখতেন। সে গল্পের চাহিদা দ্রুতই বাড়তে থাকবে।
পরের বছর আসে প্রথম বই ‘টিনটিন ইন দা ল্যান্ড অব সোভিয়েতস’। যার কোটি কোটি কপি বিক্রি হয়েছে এ পর্যন্ত। এরপর সিরিজের অনেক বই প্রকাশ হয়। এই সব বই পরবর্তীকালে ৭০টি ভাষায় অনূদিত হয়।
টিনটিন সিরিজের প্রচ্ছদের সমস্ত অলংকরণ এত দিন বেলজিয়ামের হার্জ মিউজিয়ামে প্রদর্শিত হয়ে আসছিল। তবে বিক্রীত ছবিটির আরও একটি বিশেষত্ব রয়েছে। তাতে হার্জের সই রয়েছে। হেরিটেজ অকশনসের মুখপাত্র বলেন, “হার্জের সই করা কোনো প্রচ্ছদের অলংকরণ বিরল।”