দুই-একটা কেন্দ্রে সামান্য একটু গ-গোল ছাড়া শেষ ধাপের ভোটও সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, ‘কিছু লোক দুষ্টামির চেষ্টা করেছে, তবে তারা সফল হয়নি।’ গতকাল মঙ্গলবার ২০ উপজেলার ভোটগ্রহণ শেষে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভালো, খুব ভালো। সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে প্রতিটি কেন্দ্রেই। সামান্য একটু সমস্যা হয়েছিল। কয়েকটি ঘটনা ছাড়া বাকি উপজেলাগুলোতে ভোট মোটামুটি সুষ্ঠু হয়েছে। যেসব উপজেলায় গ-গোল বেধেছিল, তা-ও ইসির তৎপরতায় সামাল দেওয়া হয়েছে।’
তিবি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রে ইভিএম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা পারেনি। তাদের গ্রেপ্তারও করা হয়েছে। এরপর অল্প কিছুক্ষণের জন্য ভোটগ্রহণ স্থগিত ছিল। ইভিএম রি-ইনস্টল করে আবার ভোটগ্রহণ শুরু হয়।’ একটা উপজেলায় কিছু লোকজন জোর করে ভোট দেওয়ার চেষ্টা করেছিল। তারা পাঁচটা ব্যালট পেপারে জোর করে ভোট দিয়েছিল। ওই পাঁচটা ভোট বাতিল করে দেওয়া হয়েছে। তাদের গ্রেপ্তারও করা হয়েছে।’